চট্টগ্রাম ইপিজেডের একটি নয়তলা বিশিষ্ট ভবনে আগুন লেগেছে। ভবনটিতে দুটি কারখানা রয়েছে। একটি তোয়ালে এবং আরেকটি মেডিকেলের সামগ্রী তৈরি হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল নামের কোম্পানির কারখানায় এই আগুন লাগে।
নয়তলা বিশিষ্ট কারখানাটির ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি। আর কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানিয়েছেন লেন, নয়তলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের সপ্তমতলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ওই কারখানায় কোন শ্রমিক কর্মচারী আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
আরও পড়ুন: চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪টি পদে শিবিরের জয়
