২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তার পরিবর্তে আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনারে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক নেতারা।
এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের। সে কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা।
এদিকে দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেছিলেন শিক্ষকদের ১৬ সদস্যের প্রতিনিধি দল। সেখানে শিক্ষা উপদেষ্টা প্রহসনমূলক আচরণ করেছেন বলে অভিযোগ শিক্ষকদের।
শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। অন্যান্য ভাতার বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টাকে বৈঠকে এখন ১০ শতাংশ এবং পরবর্তী বাজেটে ১০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছিলাম। প্রজ্ঞাপনে যা স্পষ্ট করে উল্লেখ থাকবে এমনটা বলেছি। কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথাই বলেননি। তাই আমরা মনে করি এই বৈঠক আই ওয়াশ।’
দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘প্রয়োজনে আমাদের লাশ যাবে। অনশন করব, তবুও বাড়ি ফিরব না। আন্দোলন চলবে।’
উল্লেখ্য, গত ১২ অক্টোবর মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানো, চিকিৎসা ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সেদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। একই সঙ্গে তাদের লাঠিপেটা করা হয়। এতে আহত হন কয়েকজন শিক্ষক।
গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। তবে গত ৫ অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে এলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন।
এরপর গত ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। শিক্ষকরা মাসিক সাড়ে ১২হাজার টাকা বেতন, এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সম্প্রতি, অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িছে।
বর্তমানে, দেশে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক ও ১ লাখ ৭০ হাজারের বেশি কর্মচারী রয়েছেন।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে
