, | |

মূলপাতা জাতীয় পার্টি

আওয়ামী লীগ অংশ নিলে গ্রহণযোগ্য হবে নির্বাচন: জি এম কাদের


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের
প্রকাশের সময় :২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৫ : পূর্বাহ্ণ

আওয়ামী লীগ অংশ নিলে আগামী জাতীয় সংংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ বুধবার চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গত কয়েক মাসে জি এম কাদের এবং জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিশ্চুপ ছিলেন তিনি। দেড় দশক আওয়ামী লীগের সঙ্গে–পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসেবে। যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে। সম্প্রতি চাউর হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও, নৌকার ভোট লাঙ্গলে পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি।

সাক্ষাৎকারে জি এম কাদের বলেন, আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? এমন কি কোনো ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন?

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে। আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ-সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয় তবে বিএনপিকেও ভোট দিতে পারে। তবে জামায়াতকে ভোট দেবে না।

জি এম কাদের মনে করেন, আওয়ামী লীগসহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের। তিনি বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমরা বাধা দিয়েছি। এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না। তবে এটা এখন বললেই আমি দেশদ্রোহী।

বিএনপিকে কোনঠাসা করে জামায়াতকে সামনে আনার চেষ্টা চলছে-ড. ইউনূস সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার নয়, নতুন সরকারের অধীনে হতে হবে আগামী নির্বাচন।

সম্প্রতি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি জি এম কাদেরের।

আরও পড়ুন: জাতীয় পার্টি কি ভারতের কোনো রাজনৈতিক দল, প্রশ্ন রিজভীর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর