, | |

মূলপাতা রাজধানী

‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিবসহ গ্রেপ্তার ৬


সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:১৭ : অপরাহ্ণ

রাজধানীতে ‘মঞ্চ ৭১‘ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান জানান, গত শুক্রবার রাজধানীতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। ‘মঞ্চ-৭১’ নামক একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্মের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত আগস্টের শুরুতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়েছে বলে মঞ্চের বিবৃতিতে জানানো হয়। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয়ক।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উত্তেজনার একপর্যায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আটক করে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রিধারী আবু আলম মো. শহীদ খান সরকারি কর্মকর্তা হিসেবে দীর্ঘ ৩০ বছর কাজ করেছেন। কর্মজীবনে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছিলেন। সরকারের সচিব হিসেবে ওই বছরের ১৭ জানুয়ারি অবসর গ্রহণের পর ২০ জানুয়ারি তিনি টেলিভিশনটির শীর্ষ পদে যোগ দেন। ছাত্রজীবনে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

আরও পড়ুন: এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল গিয়ে বলে ‘বাংলা’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর