গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের পর এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে।
ইউএনও এম রকিবুল হাসান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় ইউএনওর গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে।
এর আগে উলপুর এলাকায় গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে এসব হামলার ঘটনা ঘটছে বলে জানা গেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
