বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা দেশজুড়ে

কুমিল্লায় নারীকে ধর্ষণ-ভিডিও ধারণ, মূলহোতাসহ গ্রেপ্তার ৫


অভিযুক্ত ধর্ষক ফজর আলী

রাজনীতি সংবাদ প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশের সময় : ২৯ জুন ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ

কুমিল্লায় মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধর্ষণের ভিডিও ধারণ ও বিবস্ত্র ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-ফজর আলী (অভিযুক্ত ধর্ষক) এবং ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান ও বাবু। সবাই মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক জনরোষ তৈরি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার দাবি ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে কুমিল্লায় মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এর আগে, নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাত থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় ১০/১২ জন যুবক ওই নারীকে মারধর করছে। এ সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করেনি।

 

পুলিশ জানায়, গত ২৬ জুন রাতে হোমনা থেকে মুরাদনগরে বাবার বাড়ি বেড়াতে আসা এক নারীকে পাঁচকিত্তা গ্রামের শহিদ মিয়ার ছেলে ফজর আলী কৌশলে ঘরের দরজা খুলে ধর্ষণ করেন। ঘটনার সময় আশপাশের কয়েকজন লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র অবস্থায় দেখে ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পরে স্থানীয়দের কাছে মারধরের শিকার হয়ে পালিয়ে যায় ফজর আলী। ঘটনার পরদিন ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযানে নামে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, ধর্ষণের মামলার পাশাপাশি ভিডিও ছড়ানোর ঘটনায় আলাদা একটি মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, মূল আসামি ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভিডিও ছড়ানোয় জড়িত চারজনকে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জনসমুদ্র, ১৬ দফা দাবি ঘোষণা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর