চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে জীবননগরে গয়েশপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুলসহ ছয়-সাতজন শনিবার বিকেলে ভারতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। তিনি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে ঢুকে পড়ে। এ সময় মাটিয়ারী ক্যাম্পের বিএসএফ সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়েন। শহিদুল হাতে থাকা হাঁসুয়া দিয়ে বিএসএফের ওপর চড়াও হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা এক রাউন্ড গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে শহিদুল আহত হলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়।
শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার জানান, শনিবার বিকেলে মাধবখালী সীমান্তের দোয়ালের মাঠে তার স্বামী গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে কাছ থেকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন বলে ভারতে তার পরিচিতজনরা নিশ্চিত করেছেন।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, প্রথমে বিএসএফের পক্ষ থেকে শহিদুল আহত হয়েছেন বলে দাবি করা হয়। পরে রাত ৮টায় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে শহিদুল নিহত হয়েছেন। তার মরদেহ পুলিশের কাছে আছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানা গেলো
