, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে এনসিপির কর্মসূচি ঘোষণা


প্রকাশের সময় :২৯ জুন, ২০২৫ ১:৩৪ : অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩ আগস্ট ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার সকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

নাহিদ ইসলাম বলেন, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে।

এনসিপির এই আহ্বায়ক বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ-বিরোধী এক দফা দিবস ঘোষণা করা হয়েছিল। আমরা এ বছর ৩ আগস্ট শহীদ মিনারে ‘ছাত্র-জনতা জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি পালন করব।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম ‘নতুন বাংলাদেশ ২.০’- সেই রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রম এখনো চলমান। সেই দেশ গড়ার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা। ১৬ জুলাই, যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিলেন, সেদিন থেকেই জুলাইয়ের শহীদদের মিছিল শুরু হয়েছিল। সেই দিনটিকে আমরা বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করবো। সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হবে।

এনসিপির এই আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্র সরকার যেটি দেওয়ার কথা ছিল, ৩০ কার্যদিবসের কথা বলা হয়েছিল। ৩০ কার্যদিবস পেরিয়ে গেছে, কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। সরকার বলেছিল, সকলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে তারা এটি দেবে। কিন্তু সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।

 

নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান ছাত্র-জনতা করেছে। এই ঘোষণাপত্র আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ৩ আগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে, তাদের সঙ্গে নিয়ে আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবো।

৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করা হবে জানিয়ে এনসিপির এই আহ্বায়ক বলেন, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির কর্মসূচি ও বাস্তবায়ন সেলের সম্পাদক অনিক রায়, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে, গত ১১ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর জানানো হয়, জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: কুমিল্লায় নারীকে ধর্ষণ-ভিডিও ধারণ, মূলহোতাসহ গ্রেপ্তার ৫

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর