, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

সরিয়ে দেওয়া হলো আহসান মনসুরকে, নতুন গভর্নর মোস্তাকুর রহমান


ড. আহসান এইচ মনসুর ও মোস্তাকুর রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪২ : অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ক একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তা যাবে রাষ্ট্রপতির কার্যালয়ে। এরপর প্রজ্ঞাপন জারি হবে।

এদিকে আজ বুধবার দুপুরের দিকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় থেকে হঠাৎ করেই বেরিয়ে যান আহসান এইচ মনসুর। এ সময় সাংবাদিকরা তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন বাংলাদেশ ব্যাংকের কেউ না।’

নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাওয়া মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন।

মোস্তাকুর রহমান বর্তমানে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক, মূলধন কাঠামো ব্যবস্থাপনা, রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা এক্সপোজার নিয়ন্ত্রণে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া তিনি শিল্প ও বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে (আইসিএমএবি) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে ফেলো সদস্য হন।

এর আগে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

আরও পড়ুন: পিলখানা হত্যাকাণ্ড: ১৭ বছরেও অমীমাংসিত প্রশ্ন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর