তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় যুবশক্তি’। নবগঠিত এ সংগঠনের আহবায়ক করা হয়েছে অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ডা. জাহিদুল ইসলাম। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
আজ শুক্রবার বিকেলে ঢাকার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির ১৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী যুবশক্তির কমিটি ঘোষণা করেন।
‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে তারুণ্যের প্রত্যয়’ প্রতিপাদ্যকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় যুবশক্তি’।
‘জাতীয় যুবশক্তির’ ঘোষণাপত্রে জুলাইয়ের সব শহিদ ও আহতদের আত্মত্যাগকে স্মরণ করে বলা হয়েছে, আমরা, জাতীয় যুবশক্তি বিশ্বাস করি যে ইতিহাসের প্রতিটি মৌলিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তরুণেরা এবং এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র নির্মাণের।
ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, ‘আমরা দাঁড়িয়ে আছি এক ধারাবাহিক লড়াইয়ের সন্ধিক্ষণে- যার সূচনা হয়েছিল ১৯৪৭ সালের উপনিবেশবিরোধী আজাদির লড়াইয়ে, পরবর্তীতে পরিণত হয়েছে ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামে, আর এক নতুন দিশা ও প্রত্যয়ের জন্ম দিয়েছে ২০২৪ এর ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থান কেবল ক্ষোভের বিস্ফোরণ নয়- এটি ছিল একটি নতুন রাজনৈতিক কল্পনার জন্মমুহূর্ত, যেখানে তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে: বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না, প্রয়োজন এক নতুন রাষ্ট্রকল্প, এক নতুন পথ। নতুন রাষ্ট্র ও রাজনীতির আকাঙ্ক্ষাই জুলাই গণঅভ্যুত্থানের সূচনা করেছিল। যুবশক্তি জুলাই গণঅভ্যুত্থানেরই ধারাবাহিকতা।’
দায় ও দরদের অনুশীলনের মাধ্যমে রাজনীতির কথা উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, ‘আমরা চাই দায় ও দরদের রাজনীতি- যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ, সহানুভূতিশীলতা, সহনশীলতা এবং নাগরিকের সমস্যা সমাধানের উদ্যোগ। দায়িত্ব, সহানুভূতি ও মানবিকতা ছাড়া রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। দায় ও দরদের রাজনীতিই অধিকার ও সংহতি প্রতিষ্ঠা করে। তাই দায় ও দরদের অনুশীলন আমাদের রাজনীতির অন্যতম নৈতিক ভিত্তি।’
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে খুলে পড়লো চাকা
