, | |

মূলপাতা আন্তর্জাতিক

ভারতে পাল্টা হামলা পাকিস্তানের, ৫ যুদ্ধবিমান ভূপাতিত, নিহত ৩


প্রকাশের সময় :৭ মে, ২০২৫ ৭:৪৭ : পূর্বাহ্ণ

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, হামলা চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ছাড়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ভারত শাসিত কাশ্মিরেও হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছে, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া, সীমান্ত রেখার দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে।

এদিকে পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, বাহাওয়ালপুরের আহমদপুর ইস্টের কাছাকাছি সীমান্তের ভারতীয় অংশে একটি রাফায়েল এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এ ছাড়া, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্টিপোরার দক্ষিণ-পশ্চিমে আরও একটি রাফায়েল ভূপাতিত হয়েছে এবং পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

আজ বুধবার প্রথম প্রহরে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ভারতের এই হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।’

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন।

শাহবাজ শরিফ বলেন, ‘শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। পাকিস্তানি জাতির মনোবল দৃঢ়।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল উভয় দেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে ভারত ও পাকিস্তান। অবশেষে হেলগামে হামলার জেরে দুই সপ্তাহের বেশি পাল্টাপাল্টি পদক্ষেপের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত।

আরও পড়ুন: পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, দুই শিশুসহ নিহত ৮

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর