, | |

মূলপাতা আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, দুই শিশুসহ নিহত ৮


প্রকাশের সময় :৭ মে, ২০২৫ ৭:৩১ : পূর্বাহ্ণ

কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আজ বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের কয়েকটি জায়গায় এ হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুই শিশুসহ আটজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের সুবাহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের আকাশসীমা থেকে এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তাদের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

বার্তাসংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুড়েছে।

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষটি স্বীকার করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।

 

ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, ‘ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ কাপুরুষরা (ভারতীয়রা) তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন। আমরা উপযুক্ত জবাব দেবো।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল উভয় দেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে ভারত ও পাকিস্তান। অবশেষে হেলগামে হামলার জেরে দুই সপ্তাহের বেশি পাল্টাপাল্টি পদক্ষেপের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর