, | |

মূলপাতা বিএনপি

জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে বিএনপির চিঠি


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান।
প্রকাশের সময় :২ মে, ২০২৫ ১০:১১ : পূর্বাহ্ণ

চার মাস পরে আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। দেশে ফেরার পর তার জন্য নিরাপত্তা চেয়ে গত বুধবার পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশে ফেরার পর ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজিপি বরাবর চিঠি দেওয়া হয়েছে। গত বুধবার এই চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, চিঠিতে ডা. জোবাইদা রহমানের জন্য চার ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সশস্ত্র ‘গানম্যান’, গাড়িসহ ‘পুলিশ প্রটেকশন’, বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন।

প্রসঙ্গত, সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে ডা. জোবাইদা রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জায়মা রহমানকে নিয়ে লন্ডনে চলে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।

২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০২৩ সালের এক রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেওয়া ওই সাজা স্থগিত হয়।

 

জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তী সময়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় প্রথম হয়ে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে স্বামীর চিকিৎসার জন্য শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে গেলে দ্বিতীয় দফায় ছুটি বাড়ানোর পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জোবাইদা রহমানের জন্ম সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান এবং পরবর্তী সময়ে হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময় যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী তাঁর চাচা।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমানের বিয়ে হয়।

আরও পড়ুন: ‘মানবতার জননী’ থেকে ‘জুলুমের রাণী’, হাসিনার উত্থান-পতনের গল্প

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর