, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে চলন্ত সিএনজিতে পেট্রোলবোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ


পেট্রোলবোমা হামলায় দগ্ধ এক নারী যাত্রী। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :২০ এপ্রিল, ২০২৫ ১১:৩৪ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা হামলা হয়েছে। দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন।

আজ রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।

তিনি বলেন, দুজনই পেট্রোলবোমার আঘাতে দগ্ধ হয়েছেন।

দগ্ধ লায়লার স্বামী মো. আব্বাস জানান, তারা কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রাউজান থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথিমধ্যে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কে আগুন দেখতে পান। চালক পাশ কাটিয়ে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ মুখোশ পরা তিনজন ব্যক্তি গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশার পেছনের আসনে থাকা লায়লা বেগম ও তার পুত্রবধূ ঝর্ণা দগ্ধ হন।

আব্বাস আরও জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে এবং তার দুটি আঙুলও দগ্ধ হয়েছে। পেছনের সিটে থাকা অপর পুত্রবধূ সাদিয়া অক্ষত রয়েছেন। সামনের আসনে বসা ছিলেন তিনি নিজে, তার ছেলে ও চালক।

অটোরিকশার চালক মো. জামি বলেন, রাউজান পৌরসভা এলাকা থেকে আমার সিএনজিতে দুই শিশু ও তিন নারীসহ মোট ছয়জন যাত্রী ওঠেন। ভোর চারটার দিকে তাদের নিয়ে রওনা হই। আতুরার ডিপো এলাকায় পৌঁছালে রাস্তার উপরে তিনজন মুখোশ পরা ব্যক্তি হঠাৎ পেট্রোলবোমা নিক্ষেপ করে। একটি বোতল সিএনজির পেছনে আঘাত করলে আগুন ধরে যায়। যাত্রীদের চিৎকার শুনে আমি গাড়ি থামিয়ে পানি ঢেলে আগুন নিভাই। পরে গাড়ির ভেতর থেকে পেট্রোলবোমার কাচের টুকরাও উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস খালেদ জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঝর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর