, | |

মূলপাতা আন্তর্জাতিক

পিছু হটলেন ট্রাম্প, চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২৫ ১২:৩১ : পূর্বাহ্ণ

চীন ছাড়া অন্য সব দেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ঘোষণা করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করছি। এটা অবিলম্বে কার্যকর হবে।’

ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, ‘আশা করি, নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না।’

প্রকৃত অবস্থার ভিত্তিতে ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) রয়েছে। দেশগুলো বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে।’

 

এ কারণে চীন ছাড়া অন্য সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘আমি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত অনুমোদন করেছি। একইসঙ্গে এই সময়ের জন্য পাল্টা শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি। এটাও অবিলম্বে কার্যকর হবে।’

ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে রীতিমতো উল্লাস দেখা যায় বলে জানিয়েছে সিএনএন।

প্রসঙ্গত, গত বুধবার রোজ গার্ডেনে বিশ্বব্যাপী আমদানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। চীনের বাইরে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ। এগুলোর মধ্যে ভিয়েতনামে ৪৬ শতাংশ এবং কম্বোডিয়ায় ৪৯ শতাংশ বাড়তি শুল্ক আরোপিত হয়েছে, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া থাইল্যান্ডে ৩৬ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ, মালয়েশিয়ায় ২৪ শতাংশ, ফিলিপাইনে ১৭ শতাংশ এবং সিঙ্গাপুরে ১০ শতাংশ বাড়তি শুল্ক নির্ধারণ করা হয়। বাংলাদেশ ওপরও আরোপ করা হয় ৩৭ শতাংশ বাড়তি শুল্ক।

এই ঘোষণার পরপরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক চিঠিতে তিন মাসের জন্য এই বাড়তি শুল্প আরোপের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ করেছিলেন ট্রাম্পকে। শেষ পর্যন্ত সে পথেই হেঁটেছেন ট্রাম্প।

আরও পড়ুন: বাংলাদেশের নাম উচ্চারণ করে একবাক্যে যা বললেন ট্রাম্প

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর