, | |

মূলপাতা আইন-আদালত

কাদের-কামালসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন


প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২৫ ১:১৪ : অপরাহ্ণ

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের নামে অপরাধ নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা- ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

জুলাই গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি হিসেবে পুলিশের আইজির মাধ্যমে তাদের নামে এ রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের পক্ষে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

অন্য আসামিরা হলেন-সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক; সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ; আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক; সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আরাফাত (এ. আরাফাত); ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক; সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু; এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।​

প্রসঙ্গত, ইন্টারপোলের রেড নোটিস জারির অর্থ হল- ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট দেশের সরকার ও বিচার বিভাগ বিচারের মুখোমুখি করতে অথবা দণ্ড কার্যকর করার জন্য খুঁজছে।

সদস্য দেশগুলো ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামির সম্পর্কে তথ্য বিনিময় করতে পারে। বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট অভিযোগ পেলে এবং সে দেশের সরকার তা খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তাকে গ্রেপ্তার করতে পারে।

এদিকে ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন, ৮৭ জন পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালে মামলার পরিসংখ্যান নিয়ে বলা হয়, মোট ৩৩৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ২২টি মিস কেইসে ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মোট ৩৯টি মামলার তদন্ত চলছে।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর পর একে একে বেশ কিছু মামলা হয় শেখ হাসিনা ও তাঁর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েক নেতাকে।

আরও পড়ুন:

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প

৭৪’র দুর্ভিক্ষের কথা স্মরণ করে কাঁদলেন ড. ইউনূস

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে: ড. ইউনূস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর