, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চালু, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ


আজ সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়।
প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২৫ ১০:৪৪ : পূর্বাহ্ণ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হলো চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে, যা সন্দ্বীপবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ করেছে। সেই সঙ্গে খুললো সম্ভাবনার নতুন দ্বার।

আজ সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন এই ফেরি চলাচলের উদ্বোধন করেন।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাঁশবাড়িয়া থেকে ফেরিতে করে উপদেষ্টারা সন্দ্বীপে যাবেন। সেখানে সুধী সমাবেশ করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এ ফেরি চলাচলের মধ্যে দিয়ে। সাগরবক্ষের এই দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন পূরণ হলো।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত এই ফেরি চলাচল করবে।

বিআইডব্লিউটিএ এর চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যেতে বা সেখান থেকে আসতে একবারে এক ঘণ্টা ১০ মিনিটের মত সময় লাগছে। জোয়ার-ভাটা হিসেব করে প্রতিদিন যাওয়া-আসা মিলিয়ে মোট চারবার ফেরি চলাচলের কথা আছে। ফেরিতে একবারে ছোট বড় মিলিয়ে ৩৫টির মতো যানবাহন পরিবহন করা যাবে।

 

উত্তাল এই সাগর পথে স্পিডবোট ও ট্রলারসহ বিভিন্ন নৌযানে চলাচল করতে হয় দ্বীপের বাসিন্দাদের। বিরূপ পরিবেশে বিভিন্ন সময় দুর্ঘটনায় প্রাণহানিও ঘটেছে।

এছাড়া বৈরি আবহাওয়ার কারণে অনেক সময় নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সাগর পাড়ি দিয়ে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ মানুষদের মূল ভূখণ্ডে আনাও সম্ভব হয় না।

তাছাড়া জোয়ার-ভাটার কারণে বেশিরভাগ সময় নৌযান থেকে নেমে কাদা পেরিয়ে ঘাটে পৌঁছাতে হয় সন্দ্বীপবাসীকে।

এখন চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে সরাসরি এই ফেরি সেবা চালুর মধ্য দিয়ে সন্দ্বীপবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হল। বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ারও প্রত্যাশা তৈরি হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে অভিনব কায়দায় যুবদল নেতার চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর