সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জুলাই বিপ্লবে আহতরা যেন কখনো মনোবল না হারায়, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে।
আজ রোববার সেনামালঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত ৪ হাজার ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনও চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন।
জুলাই বিপ্লবে আহতদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আপনারা জাতির কৃতী সন্তান। আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।
ইফতার অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। সেনা মালঞ্চে ইফতার মাহফিলে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান।
ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে সেদিন কী কথা হয়েছিল, এবার জানালেন সারজিস
আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, সেখানেই থাকুন, সেনাবাহিনীকে হাসনাত
