বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন।’
এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, ‘দল হিসেবে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। তাদের দোষ স্বীকার করতে হবে। তারপর আওয়ামী লীগ নিয়ে অন্য কোন আলোচনা হতে পারে, তার আগে নয়।’
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম, সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিন জারাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই।আমাদেরকে বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে- তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো।’
হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘আমরা উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামীলীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে।আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে।’
তিনি জানান, পরে-মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়।
হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, ‘৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই। দলটিকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে।’
আরও পড়ুন:
স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার পদক্ষেপ নেওয়া উচিত হবে না: তারেক রহমান
ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে আপত্তি জানিয়েছিলেন সেনাপ্রধান
আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব নিয়ে আসিফ মাহমুদের কড়া হুঁশিয়ারি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ ঘোষণা
আ.লীগ পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ
