, | |

মূলপাতা দেশজুড়ে

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব


আজ সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২৫ ৬:৪৯ : অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ শুক্রবার সন্ধ্যায় তারা এ ইফতার করেন।

জানা গেছে, ইফতারে ছিল ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, শরবতসহ আনুষঙ্গিক বিভিন্ন খাবার।

এর আগে, আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজারে পৌঁছান। তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

তারপর উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তিনি লার্নিং সেন্টার ঘুরে দেখেন এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন। এরপর জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি।প্রথমত, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়। এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। আর ‘দ্বিতীয়ত, রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে।এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যত দেশ সম্ভব আমি কথা বলব, যাতে করে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরও খারাপ পরিস্থিতি না আসে।

গুতেরেস বলেন, ক্যাম্পে রোহিঙ্গা মানসম্মত জীবনযাপন প্রয়োজন। এটি নিশ্চিত করতে সহায়তা করবে জাতিসংঘ। পাশাপাশি রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথাও জানান তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাবে- এমনটি প্রত্যাশা করেন না উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ে জোরালো আওয়াজ তুলবো।কারণ, সম্মানের সঙ্গে এখানে বসবাসের জন্য এই সম্প্রদায়ের মানবিক সহায়তা অত্যন্ত জরুরি।

আজ সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।

ঢাকায় ফেরার পর আরও ব্যস্ত সময় পার করবেন জাতিসংঘের মহাসচিব। আগামীকাল শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন তিনি। সেখানে জাতিসংঘের সব কর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সেখান থেকে দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেস। পরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাংলাদেশের যুবসমাজ ও নাগরিক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের একটি যৌথ প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। আর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস আন্তোনিও গুতেরেসের সৌজন্যে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন। আগামী রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে আন্তোনিও গুতেরেসের।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস কূটনীতিক হিসেবেও অভিজ্ঞ। জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হওয়ার আগে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ছিলেন। ওই সময়েও তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

আরও পড়ুন: বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর