, | |

মূলপাতা দেশজুড়ে

আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা ড. ইউনূসের


আজ সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে লাখো রোহিঙ্গার উদ্দেশে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২৫ ১০:৩২ : অপরাহ্ণ

এই ঈদে না হোক আগামী ঈদ রোহিঙ্গারা নিজের দেশেই করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মায়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবো।

রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ড. ইউনূস বলেন, আল্লাহর কাছে দোয়া গরি সাম্মর বার যেন অনরা নিজর বাড়িত যাইয়ারে ঈদ গরিত পারন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কথা শোনার জন্য মহাসচিব ক্যাম্পে এসেছেন। আপনাদের কথা শুনেছেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে।

 

ড. ইউনূস বলেন, আমরা সবাই প্রতি ঈদের নামাজ শেষে দাদা-দাদী নানা-নানির কবর জিয়ারত করতে যাই। কিন্তু আপনারা তা পারছেন না। তাই আগামী ঈদ নিজ দেশে করার আশা করছি।

লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আজ সন্ধ্যায় কক্সবাজার থেকে একসঙ্গে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।

আগামীকাল শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন জাতিসংঘের মহাসচিব। সেখানে জাতিসংঘের সব কর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সেখান থেকে দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেস। পরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাংলাদেশের যুবসমাজ ও নাগরিক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের একটি যৌথ প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। আর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস আন্তোনিও গুতেরেসের সৌজন্যে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন। আগামী রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে আন্তোনিও গুতেরেসের।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস কূটনীতিক হিসেবেও অভিজ্ঞ। জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হওয়ার আগে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ছিলেন। ওই সময়েও তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

আরও পড়ুন: লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর