বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দেশের একমাত্র এই স্যাটেলাইটটি বাংলাদেশ স্যাটেলাইট-১ হিসেবে পরিচিত হবে।
আজ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এক সিদ্ধান্তে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে অভ্যুত্থানে তৎকালীন সরকারের সঙ্গে জড়িত সকল ব্যক্তির নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিল করা হবে।
এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী, সকল মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এরপরই বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করার উদ্যোগ নেয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। ১৫ বছর মেয়াদের প্রায় তিন হাজার কোটি টাকার এই স্যাটেলাইট এখনো লাভের মুখ দেখেনি। বরং লোকসানের আশঙ্কাই বেশি।
সংশ্লিষ্টরা জানান, এখন পর্যন্ত বিএসসিএল রাষ্ট্রীয় কোষাগারে এ খাতে বিনিয়োগের এক পয়সাও ফেরত দিতে পারেনি।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ এবং উৎক্ষেপনের পুরো প্রক্রিয়ায় ব্যয় হয়েছিল প্রায় দুই হাজার ৭৬৫ কোটি টাকা। তিন দশমিক সাত টন ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইটটির ডিজাইন এবং তৈরি করেছে ফ্রান্সের কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্পেস। আর যে রকেট এটাকে মহাকাশে নিয়ে যাচ্ছে সেটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেসএক্স।
আরও পড়ুন: আওয়ামী লীগ আর করবো না, আদালতে কামাল মজুমদার
