, | |

মূলপাতা আইন-আদালত

আওয়ামী লীগ আর করবো না, আদালতে কামাল মজুমদার


সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার
প্রকাশের সময় :৩ মার্চ, ২০২৫ ১২:১৭ : অপরাহ্ণ

মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন কারাবন্দি সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ কথা বলেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় কামাল আহমেদ  মজুমদারসহ ছয়জনকে গ্রেপ্তার দেখায় আদালত।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন-ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং পুলিশের সাবেক দুই আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক।

সকাল ১০টার দিকে কামাল আহমেদ মজুমদারসহ ছয় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রহরায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এরপর এজলাসে আসেন বিচারক। এরপর কাফরুল থানার মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়।

শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। তখন বিচারক এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন।

বিচারকের উদ্দেশে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমার ৭৬ বয়স, আমি ডায়াবেটিসের রোগী। চোখের ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না। তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করবো না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম।’

 

সাবেক এই শিল্পপ্রতিমন্ত্রী বলেন, ‘আপনার (বিচারক) কাছে আমার আবেদন, আপনার কাছে সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। এখন আমার নাতি-নাতনিদের নিয়ে খেলা করার সময়। কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কুরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দিচ্ছে না। আমাকে ডিজিটাল কুরআন, ডায়াবেটিসের ওষুধ ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়া হোক।’

শুনানি কার্যক্রম শেষে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকেও অব্যাহতি। আমার দলীয় কোনো পদ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই, নতুন নেতৃত্ব আসুক।’

এরপর কামাল আহমেদ মজুমদারসহ অন্যান্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করানো হয়।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর