চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে আর সদস্য সচিব করা হয়েছে লায়ন হেলাল উদ্দিনকে।
আজ রোববার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন আলী আব্বাছ এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন লেয়াকত আলী ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রসঙ্গত, দক্ষিণ জেলা বিএনপির আগের কমিটিতে আলী আব্বাছ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লেয়াকত আলী সদস্য পদে ছিলেন। কিন্তু ২০২১ সালের ১০ জানুয়ারি দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার দায়ে তাদের বহিষ্কার করা হয়। গত বছরের ১১ জুন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এদিকে দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে এস আলম–কাণ্ডে জড়িত নেতারা স্থান পাননি। গত বছরের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকার একটি ওয়্যারহাউস থেকে একে একে ১৪টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। আলোচিত-সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে দক্ষিণ জেলা বিএনপির তখনকার তিন নেতার বিরুদ্ধে। তারা হলেন-আগের কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়া। ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই তিন নেতাকে দল থেকে শোকজ করা হয়। পরে তাদের তিনজনের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। একই সঙ্গে গত ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। তবে গত বছরের ২৫ ডিসেম্বর তিন বিএনপি নেতার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় কেন্দ্র।
আরও পড়ুন: কপাল খুললো চট্টগ্রামের বিএনপি নেতা সুফিয়ান-এনামের
