, | |

মূলপাতা আইন-আদালত

ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড


আজ আদালতে উপস্থিত হন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৪ ৩:১০ : অপরাহ্ণ

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সবাইকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।

গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তা হলেন-আশরাফুল হাসান, নুরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিপক্ষ এক নম্বর আসামির বিষয়ে প্রশংসা সূচক বক্তব্য উপস্থাপন করেন। যেখানে তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেল জয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন। কিন্তু এই আদালত নোবেল জয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে তার বিচার হচ্ছে।

এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার ৮৪ পৃষ্ঠার এ রায় ঘোষণা শুরু করেন।

দুপুর ১টা ৪৩ মিনিটে এজলাসে এসে পৌঁছেন ড. ইউনূস। এজলাসের দ্বিতীয় সারির বেঞ্চে বসে রায় শুনেন তিনি।

ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে, গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া।

আদালতে ড. ইউনূসের সর্বোচ্চ সাজা ও জরিমানা দাবি করেন বাদি পক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী। অন্যদিকে ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

গত ২৪ ডিসেম্বর এ মামলার আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

এর আগে গত ৬ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মামলায় রাষ্ট্রপক্ষের চার সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করা হয়।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান।

মামলার নথি অনুসারে, আইএফইডি কর্মকর্তারা ২০২১ সালের ১৬ আগস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশকিছু লঙ্ঘন খুঁজে পান।

সেই বছরের ১৯ আগস্ট গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির ৬৭ কর্মচারীকে স্থায়ী করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি।

এ ছাড়া, কর্মচারীদের পার্টিসিপেশন ও কল্যাণ তহবিল এখনো গঠন করা হয়নি এবং কোম্পানির যে লভ্যাংশ শ্রমিকদের দেওয়ার কথা ছিল তার পাঁচ শতাংশও পরিশোধ করা হয়নি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর