, | |

মূলপাতা বিএনপি

ওবায়দুল কাদের ইউরেনিয়াম কি জিনিস তাই জানেন না: মির্জা ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ওবায়দুল কাদের।
প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০২৩ ৮:০২ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাদের সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আওয়ামী লীগের যে কয়েকজন পড়াশোনা জানা মানুষ আছেন তাদের মধ্যে তিনি একজন। আমরা তাই জানতাম। কিন্তু তার কি করুণ অবস্থা হয়েছে, সেটা জানতাম না। তিনি ইউরেনিয়াম কি জিনিস তাই জানেন না।’

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সঙ্কট: শহীদ আবরার ফাহাদের প্রেরণা’ শীর্ষক এ সভার আয়োজন করে গণঅধিকার পরিষদের একাংশ।

গতকাল সোমবার রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগের এক সভায় ওবায়দুল কাদের বলেন, ‘দুই চালান ইউরেনিয়াম এসেছে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেবো। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেবো।’

ইউরেনিয়াম নিয়ে ওবায়দুল কাদেরের এ বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটার (ইউরেনিয়াম) জন্য তো বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। বিষয়টা হচ্ছে, এর আগে উনি (কাদের) উল্টাপাল্টা কথা বলেছেন? তলে তলে আপস হয়েছে। এ কথার জন্য মনে হয় তার মনিব (প্রধানমন্ত্রী) ক্ষুব্ধ হয়েছেন। সেটার জন্য হয়তো তারচেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন। এসব দল ও সরকারগুলোতে তোষামোদি এমন পর্যায়ে চলে যায় যে, তখন তা হাস্যরসে পরিণত হয়।’

আরও পড়ুন: ফখরুল-আব্বাসদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেবো: কাদের

বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমার এক জুনিয়র ফ্রেন্ড বাইরে থাকে। ও আমাকে বলেছে যে, ‘এ ধরনের কথা বলেছেন। আপনি কিন্তু এর প্রতিবাদ করতে যাবেন না। কথাগুলো কিন্তু আমাদের জন্য বিনোদনের ব্যাপার হয়ে গেছে। এটা আমাদের জন্য বিনোদন। আমাদের জীবন তো দুর্বিষহ। এটুকু বিনোদন থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আর এ সমস্ত কথা শুনে অতি দুঃখেও খুবই হাসি পায়।’’

আরও পড়ুন: আপস হয়ে গেছে, দিল্লি আছে আমরা আছি: ওবায়দুল কাদের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য চারগুণ বেশি খরচ করে ইউরেনিয়াম আনা হয়েছে-এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘রূপপুরে পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট করেছে। সব দেশেই এই প্ল্যান্টে যত খরচ হয়েছে, তার থেকে চারগুণ বেশি পয়সা দিয়ে রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা হয়েছে। কারণ কী? ওই যে চারগুণ বেশি খরচ, তা ভাগাভাগি হয়ে যাবে। ওদের (রাশিয়া) কমিশন ওরা নিয়ে যাবে, ব্যস।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পদ্মা সেতু করেছে ভালো কথা। সেখানে খরচ সর্বোচ্চ যেটা হওয়ার কথা তার চেয়ে চারগুণ বেশি পয়সা দিয়ে করা হলো। এখন সেতুর ওপর রেললাইন করা হয়েছে, আজকে উদ্বোধন হয়েছে। কত টাকায় এটা করেছে বলেন? এগুলো বললে বলে ওদের মাথা খারাপ হয়েছে।’

সরকার পতনের আন্দোলনে দলমত-নির্বিশেষে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ’সরকার দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তারা আসবে, লুট করবে—নিয়ে চলে যাবে। কথা বাড়াতে চাই না। কথা এখন একটাই, কোনো কথা-বার্তা না বলে, কালবিলম্ব না করে আসুন আমরা সবাই দলমত-নির্বিশেষে বাম, ডান, উত্তর-দক্ষিণ বুঝি না, যারা দেশকে ভালোবাসেন তারা সবাই ঝাঁপিয়ে পড়েন।’

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকারের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর