বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাম-ডান সবাই মিলে একাকার হয়ে গেছে। তারা সবাই মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে।’
আজ শনিবার দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে সংঘাত করে লাভ নেই। কমিশনের অধীনে নির্বাচন হবে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) আজকে সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে, সেটা সফল হবে না। শেষ পর্যন্ত নির্বাচনে তারা আসবে। আমার বিশ্বাস নির্বাচনে আসবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের ক্ষতি করে কী লাভ! কারও কোনো লাভ নেই। নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচনে আসবেন, নিবন্ধিত সব দলকে আমরা স্বাগত জানাবো।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিতে গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কী করে প্রতিষ্ঠা করবে? এটা আমার বড় প্রশ্ন।’
আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আশা করি, এ কালো মেঘ কেটে যাবে। সময় হলে বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে।’
