রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি করে কোনো লাভ হবে না। কারা নির্বাচন কমিশনার হবেন, তা ইতোমধ্যে লিস্টেড (তালিকাভুক্ত) হয়ে গেছে। সার্চ কমিটি সুপারিশ করলেও তারা কমিশনার হবেন, না করলেও তারাই হবেন। সরকারের পছন্দের তালিকাভুক্ত লোক দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে।’
আজ শনিবার সকালে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন।
‘সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক এ ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সমালোচনা করে আকবর আলি খান বলেন, ‘এই কমিশনের অধীনে অনেক নির্বাচন হয়েছে। কমিশন বলে আসছে তারা আইন অনুযায়ী নির্বাচন করছেন। আর নাগরিক সমাজ মনে করে, যে আইনে এ ধরনের নির্বাচন হয় সেটা কোনো আইনই না। বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই আইন পর্যালোচনা করতে পারতো। কিন্তু তারা তা করেনি।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়েই নির্ধারিত হবে বলে মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা ।
আরও পড়ুন: এবার রাষ্ট্রপতির সংলাপ বর্জনের ঘোষণা দিলো ইসলামী আন্দোলন
উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়েছে গত ২০ ডিসেম্বর।
বিএনপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ), মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সংলাপ বর্জন করেছে।
আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন: মির্জা ফখরুল
