মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ২৭ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারী চক্র বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল এলাকা দিয়ে অস্ত্র ও মাদকের চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে অভিযান শুরু করে। পরে চোরাকারবারী চক্রের সদস্যরা সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
জানা গেছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা ধাওয়া করে এক ভারতীয় চোরাকারবারীকে আটক করতে সক্ষম হন।
বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে,ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি সীমান্তবর্তী একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন: বিশ্বের সেরা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, কী আছে এতে?
