, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ


কর্নেল (অব.) অলি আহমদ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৯ আগস্ট, ২০২৬ ১:২১ : অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করা হয়েছে।

আজ রোববার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বৈঠকে কর্নেল (অব.) অলি আহমেদও উপস্থিত ছিলেন। এ ছাড়া খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জাগপার সভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর