, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা ১১ দলের


রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতারা।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২৬ ৪:০৫ : অপরাহ্ণ

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর পল্টন জিরো পয়েন্ট এলাকায় জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। কর্মসূচিতে জামায়াতের নারী কর্মীদের হাতে গ্যাসের চুলা ও রান্নার পাতিল দেখা যায়, যা প্রতীকী প্রতিবাদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

 

অবস্থান কর্মসূচিতে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আজ এখানে বক্তৃতা দিতে আসিনি। জনগণের ১১ দফা দাবি মানুষের হাতে তুলে দিতে এসেছি। এই ১১ দফা কোনো দল, গোষ্ঠী বা কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয়; এটি ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি।

জামায়াত আমীর বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনভোগান্তি বাড়ছে। এসব সমস্যার সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

লংমার্চ কর্মসূচি ঘোষণা করে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লংমার্চ অনুষ্ঠিত হবে। জনগণের দাবি আদায়ের এ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছাবে।

জামায়াত আমীর জানান, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া, ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলপথে যাত্রা এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সরকারের উদ্দেশে জামায়াতের শীর্ষ নেতা বলেন, সচিবালয় জনগণের সম্পদ। সেখানে যারা দায়িত্বে আছেন, তাদের জনগণের দাবি শুনতে হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

এসময় তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান।

কর্মসূচিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

Rajniti Sangbad


আরও খবর