উদ্বোধনী ম্যাচে ফুটবলবিশ্বকে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দিলো ২০২৬ ফিফা বিশ্বকাপ। গতকাল বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও আসতেকা’ স্টেডিয়ামে ৮০ হাজারেরও বেশি দর্শকের সামনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। হুয়ান কিনোনেস ও রাউল জিমেনেজের গোলে মেক্সিকো ২-০ ব্যবধানের দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, ম্যাচটি ফুটবল ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা থাকবে সম্পূর্ণ ভিন্ন এক রেকর্ডের কারণে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখার রেকর্ডটি কাল চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
জমকালো উদ্বোধনী আয়োজনের পর, ঘরের মাঠে জয়ের প্রত্যাশা নিয়ে নামে মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মেক্সিকো যে কখনো হারেনি। তবে শঙ্কাও ছিল। সেই ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে এর আগে সাতবার উদ্বোধনী ম্যাচ খেলে একবারও জিততে পারেনি মেক্সিকো।
ঘরের মাঠে সেই অভিশাপ কাটানোর ব্রত নিয়ে, সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ মিনিটেই গোল করে বসেন স্বাগতিক ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম গোল।
একজন কম নিয়ে খেললেও কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৬৭ মিনিটে ম্যাচের ভাগ্য প্রায় নিশ্চিত করে দেন রাউল হিমেনেজ। ডান প্রান্তে রবার্তো আলভারাদোর নিখুঁত ক্রসে দারুণ হেডে বল জালে পাঠিয়ে মেক্সিকোর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এটি ছিল বিশ্বকাপে নিজের প্রথম গোল। ৩৫ বছর ৩৭ দিন বয়সে গোল করে তিনি ২০০৬ সালে ইরানের ইয়াহিয়া গোলমোহাম্মাদির পর বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক গোলদাতাদের একজন হিসেবে নাম লেখান।
দ্বিতীয় গোলের পর ম্যাচ পুরোপুরি মেক্সিকোর নিয়ন্ত্রণে চলে যায়। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী তখন তাদের জয়ের সম্ভাবনা পৌঁছে যায় ৯৯.৬ শতাংশে। দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা নেমে আসে শূন্য শতাংশে।
তবে ম্যাচের নাটক তখনও বাকি ছিল। ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় থেম্বা জোয়ানে আলভারাদোর মুখে হাত লাগিয়ে সহিংস আচরণের দায়ে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে দক্ষিণ আফ্রিকা নেমে আসে ৯ জনে। ২০০৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে একটি দল দুইটি লাল কার্ড দেখল।
নাটকীয়তার শেষ অধ্যায় যোগ হয় যোগ করা সময়ে। ৯০+২ মিনিটে দক্ষিণ আফ্রিকার দ্রুত পাল্টা আক্রমণে মুদাউকে গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় মেক্সিকোর অধিনায়ক সিজার মন্তেসও সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ম্যাচে মোট তিনটি লাল কার্ড দেখান রেফারি। বিশ্বকাপের ইতিহাসে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা-ডেনমার্ক ম্যাচে, যেখানে দক্ষিণ আফ্রিকা একটি এবং ডেনমার্ক দুইটি লাল কার্ড দেখেছিল।
শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ৭ মিনিট অতিরিক্ত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের ১৮তম আসরের সূচনা। ঘরের মাঠে সমর্থকদের সামনে দারুণ এক পারফরম্যান্সে গ্রুপ ‘এ’-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় এল ত্রি।
ম্যাচজুড়ে দক্ষিণ আফ্রিকার ভুল, তিনটি লাল কার্ড এবং মেক্সিকোর আক্রমণাত্মক ফুটবলই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। আর হুলিয়ান কিনোনেসের নাম ইতিহাসে লেখা হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে।
আরও পড়ুন: শাকিরা-বার্না বয়ের সুরের মূর্ছনায় পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের
