যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যকে রাখা হয়েছে দলে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) প্রধান কোচ লিওনেল স্কালোনি এ দল ঘোষণা করেন।
দলে সবচেয়ে বড় তারকা হলেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই কিংবদন্তি এবার লা আলবিসেলেস্তের হয়ে নিজের ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। মেসিই আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ (১৯৮) এবং সর্বাধিক গোলের (১১৬) মালিক।
২০২২ সালে কাতারে ট্রফি জয়ী দল থেকে এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ ১৭ জনকে দলে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
তবে স্কালোনির তালিকায় কয়েকটি উল্লেখযোগ্য নাম নেই। এর মধ্যে সবচেয়ে অবাক করা বাদ পড়াটি ফ্রাঙ্কো মাস্তানতুওনোর। রিয়াল মাদ্রিদের এই তারকা অভিজ্ঞ তারকাদের ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নিতে পারেননি। কাতার ২০২২-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য আকুনিয়াও বাদ পড়েছেন।

আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন যারা
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।
২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার সূচি
আর্জেন্টিনা গ্রুপ জে-তে তাদের ম্যাচগুলো খেলবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ছয় দিন পরে তারা টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন একই স্টেডিয়ামে অভিষেককারী জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা ৮টি তৃতীয় স্থান অর্জনকারী দল পরবর্তী পর্বে উন্নীত হবে।
এটি হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ১৯তম অংশগ্রহণ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তারা ২০২২ সালে রোমাঞ্চকর এক ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয় করেছিল। এছাড়া ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে তাদের কিংবদন্তিতুল্য শিরোপা জয় এবং ১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ জয়ের গৌরবও রয়েছে।
