, | |

মূলপাতা জাতীয়

সীমান্তে রক্তপাত বন্ধ হবে কবে, জানতে চান রিজভী


রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১০ মে, ২০২৬ ৪:১৪ : অপরাহ্ণ

সীমান্তে মানুষ হত্যা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘রক্তপাত কবে বন্ধ হবে?’

আজ রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

ভারতকে হুঁশিয়ার করে রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ ভারতের মানুষও চায় না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বারবার সীমান্ত রক্তাক্ত করবেন; এভাবে ভালো সম্পর্ক হবে না।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি, ভারতে নির্বাচন তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমাদের কোনও কথা নেই। কিন্তু বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো যথাযথ বাস্তবায়নে সরকারের কোনও চেষ্টার কমতি নেই। নানা মত থাকতে পারে কিন্তু আপনারা দেশাত্মবোধ নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম, শুধু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী যদি প্রতিনিয়ত জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন, আমরাও পারবো। জনগণ এ রকম নেতৃত্বই চেয়েছে। বিশেষজ্ঞরা এখনো বলেন, জিয়াউর রহমান যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেই ধারাবাহিকতাতেই আমরা এখানে এসেছি। আশা করি, তার উত্তরসূরী তারেক রহমানও পারবেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘অতীতের মতো ১০ টাকা কেজি চাল দেবো, ঘরে ঘরে কাজ দেবো; এ ধরনের ফাঁপা প্রতারণামূলক কোনো অঙ্গীকার তারেক রহমান করেননি।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘ধূসর মরুভূমি সিঙ্গাপুর যদি আজকে এতদূর আগাতে পারে, আমাদের নদী-নালার দেশ, আমরা এসব সংস্কার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো। সে ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আরও পড়ুন: কলেজ শিক্ষার্থীর তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর