, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ


চট্টগ্রাম সিটি কলেজে ধারালো কিরিচ হাতে এক যুবক শিবিরের মিছিলের দিকে ছুটে যায়। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২১ এপ্রিল, ২০২৬ ৯:৩৬ : অপরাহ্ণ

চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকালে একদফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। এ সময় লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনার পর কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক দ্বিতীয় বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছায়। সংঘর্ষের সময় কলেজের প্রধান ফটকের বাইরে কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে শুরুতে তারা ক্যাম্পাসে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেননি। পরে পুলিশ ও কলেজশিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ক্যাম্পাসের একটি ভবনের দেওয়ালে আঁকা জুলাই-আগস্টে একটি গ্রাফিতিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ওই গ্রাফিতির নিচে লেখা ছিল ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’। পরে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল ছাত্র গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে দেন এবং তার ওপর লিখে দেন ‘গুপ্ত’।

 

চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এই ঘটনার একটি ভিডিও মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডিতে পোস্ট করেন। এ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে আজ কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতাকর্মীরা।

কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শিক্ষকরা প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

সিটি কলেজ শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ বিন সাব্বির জানান, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে। আদর্শিকভাবে দেউলিয়া ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতার অপব্যবহার করছে। ছাত্রদলের হামলায় তাদের কয়েকজনের আহত হওয়ার কথা জানান তিনি।

সিটি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ সিদ্দীকি রনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে শিবিরের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। শিবির এখানেও গুপ্ত রাজনীতি করতে চায়।’

এ বিষয়ে সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকেরা নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করেছিলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর কোনো সমস্যা হয়নি।

উল্লেখ্য, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দীর্ঘ কয়েক যুগ ছাত্রলীগ একক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। গত ৫ আগস্টের পর নিয়ন্ত্রণ হারায় সংগঠনটি। বর্তমানে ছাত্রদল-শিবির উভয় সংগঠনের কার্যক্রম কলেজে বিরাজমান।

আরও পড়ুন: চট্টগ্রাম সিটির মেয়র পদে বিএনপিতে আলোচনায় দুই নাম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর