, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকির পর যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৮ এপ্রিল, ২০২৬ ৮:১৫ : পূর্বাহ্ণ

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকির পর টানটান উত্তেজনার মধ্যে অবশেষে গতকাল মঙ্গলবার রাতে হামলা থেকে সরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে দেওয়া এই ঘোষণায় আপাতত যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে ।

চুক্তি অনুসারে, আগামী শুক্রবার (১০ এপ্রিল) থেকে ইসলামাবাদে স্থায়ী যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে। উভয় পক্ষের প্রতিনিধিরা সেখানে মুখোমুখি বসে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজবেন।

আজ বুধবার সামাজিকমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হচ্ছি। এটি হবে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি।

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে আজ রাতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্ত শর্তসাপেক্ষ ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে খুলে দিতে হবে। এ শর্তে আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি।

এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন, আমরা ইতোমধ্যে আমাদের সামরিক লক্ষ্য পূরণ করেছি এবং তা অতিক্রমও করেছি। একই সঙ্গে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি এবং মধ্যপ্রাচ্যে একটি চূড়ান্ত শান্তিচুক্তির পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি।

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ইরানের পক্ষ থেকে আমরা একটি ১০ দফা প্রস্তাব পেয়েছি, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের বেশির ভাগ বিরোধপূর্ণ বিষয়েও ইতোমধ্যে সমঝোতা হয়েছে। এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিটিকে চূড়ান্ত ও কার্যকর করার সুযোগ করে দেবে বলে আমরা আশা করছি।

 

ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইরানের পক্ষ থেকে বলা হয়, এই যুদ্ধবিরতিকে তারা ‘ইরানের বিজয়’ হিসেবে দেখছে। পরিষদ জোর দিয়ে উল্লেখ করেছে যে, এটি যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি নয়, বরং স্থায়ী সমাধানের দিকে একটি প্রাথমিক পদক্ষেপ।

এদিকে এই যুদ্ধবিরতির আওতায় ইরান ও ওমানকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে টোল আদায়ের স্বীকৃতি দেওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য। একই সঙ্গে এই সময় ইরানকে হরমুজ প্রণালি খোলা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। শাহবাজের মতে, চলমান কূটনৈতিক প্রচেষ্টা আশাব্যঞ্জক এবং তার যৌক্তিক ফলাফলের জন্য সময় দেয়া প্রয়োজন।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা জোরালো ও ধারাবাহিকভাবে এগোচ্ছে। অদূর ভবিষ্যতে এর মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। পোস্টে তিনি আরও লেখেন, কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।

শাহবাজ শরিফ তেহরানের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে ওই দুই সপ্তাহ হরমুজ প্রণালি খোলা রাখার কথাও জানিয়েছেন। তিনি বলেন, এ অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধরত সব পক্ষকে আগামী দুই সপ্তাহ সর্বত্র যুদ্ধবিরতি পালন করার আহ্বান জানাচ্ছি। এতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি সম্ভব হতে পারে।

আরও পড়ুন: জাতিসংঘে হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর