, | |

মূলপাতা খেলা

বিসিবির কমিটি ভেঙে দিলো সরকার, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি


বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২৬ ৫:০৪ : অপরাহ্ণ

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।

আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান আনুষ্ঠানিকভাবে পর্ষদ ভেঙে দেওয়ার এই ঘোষণা দেন।

তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটিতে আছেন রাশনা ইমাম, আতহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ফাহিম সিনহা।

অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হবে বোর্ডের সুষ্ঠু পরিচালনা এবং আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা।

বিসিবিতে এই সংকটের শুরু গত বছরের অক্টোবরের নির্বাচন থেকে। সেই নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে। তামিম ইকবাল তখন সভাপতি পদে প্রার্থী ছিলেন, কিন্তু অনিয়মের প্রতিবাদে মনোনয়ন প্রত্যাহার করে নেন। তিনি অভিযোগ করেছিলেন যে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির বাইরে থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে এবং সরকারি হস্তক্ষেপ ছিল।

এরপর থেকে পরিস্থিতি আরও জটিল হয়। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ছয়জন পরিচালক পদত্যাগ করেছেন। সর্বশেষ ৪ এপ্রিল তিনজন (সানিয়ান তানিম, মেহরাব আলম ও ফায়াজুর রহমান) একসঙ্গে ছেড়ে দেন। এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি গত ৫ এপ্রিল নির্বাচনী অনিয়মের রিপোর্ট জমা দেয়। এরপরই চাপ বাড়ে এবং অবশেষে আজ বোর্ড ভেঙে দেওয়া হয়।

আজ জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল ক্রীড়াকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় ক্রীড়া সংস্থাসমূহ এনএসসি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে এবং যদি সেখানে কোনো অনিয়ম দেখা যায়, সে ক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে।’

আরও পড়ুন: মেহেদী মিরাজকে নিয়ে ড. জাকির নায়েকের পোস্ট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর