, | |

মূলপাতা আইন-আদালত

৫ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী


লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সেকাল-একাল। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২৬ ৬:৩৪ : অপরাহ্ণ

এক-এগারোর পটপরিবর্তনের অন্যতম আলোচিত চরিত্র ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের শুনানি শেষে এই আদেশ দেন। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলার জিজ্ঞাসাবাদের জন্য তাকে এই রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

আদালতে পাঠানোর আগে দুপুরে ডিবি পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১১টি মামলার খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ফেনীতে তিনটি মামলা ও ঢাকায় আটটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত পাড়ায় শুনানির সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী অত্যন্ত ক্ষমতাধর ও কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। তৎকালীন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র সমন্বয়ক নিযুক্ত হন। তার নেতৃত্বাধীন এই কমিটির অধীনেই সে সময় দেশজুড়ে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়েছিল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত ও আলোচিত অধ্যায়।

 

সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কথিত ‘মাইনাস টু ফর্মুলা’র মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্ব পাল্টে ফেলে রাজনীতিকে নতুন চেহারা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে।

পরবর্তীতে ২০০৮ সালে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।

সেনাবাহিনী থেকে অবসরের পর ঢাকায় একটি পাঁচ তারকা মানের হোটেল খুলে ব্যবসা শুরু করেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। পাশাপাশি শুরু করেন জনশক্তি রপ্তানির ব্যবসা।

২০১৮ সালে তিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর জাতীয় পার্টির টিকেটে ২০১৮ এবং ২০২৪ সালে দুই দফায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর