প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান, তারেক রহমানের প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সাক্ষাতে প্রধানমন্ত্রী ও ড. ইউনূস একে অপরের খোঁজ-খবর নেন, সাময়িক আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তোলেন।
প্রধানমন্ত্রী-ড.ইউনূস কুশল নিমিয়কালে জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এর আগে আজ সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন। সেখানে সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের জন্য সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।
আরও পড়ুন: আজ খুশির ঈদের দিন
