রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২১ মার্চ ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়াও প্রধান এই ঈদ জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
আজ শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর একই জামাতে এই অংশগ্রহণকে দেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে এক বিশেষ মুহূর্ত মনে করা হচ্ছে।
এর আগে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই দীর্ঘ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে প্রবেশ করেন মুসল্লিরা।
মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। এদিন ভোর থেকেই রাজধানীর নানান প্রান্ত থেকে জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের জামাত শুরুর অনেক আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আয়োজক সূত্রে জানা গেছে, ঈদগাহ ময়দানে এবার প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়। নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশপথ, অজু এবং নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিল। এবার প্রায় সাড়ে ৩ হাজার নারী ঈদের জামাতে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: ১৯ বছর পর দেশে ঈদ করছেন তারেক রহমান
