বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি পাকিস্তান। তবে গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে। ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এরপর সর্বশেষ সিদ্ধান্তে দেশটি জানায় তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না।
শাহবাজ শরিফ বলেন, ‘আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে খেলবো না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খুবই বিবেচনামূলক সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা উচিত। আমি মনে করি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ছিল উপযুক্ত সিদ্ধান্ত।
ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের খেলার কথা ছিল। কিন্তু দেশটি ইতিমধ্যে এ ম্যাচ বয়কটের কথা জানিয়ছে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাকিস্তানের এই সিদ্ধান্তের পর পিসিবিকে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান না খেলে তাহলে তাদের পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পড়তে হবে।
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় গ্রুপ পর্বে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ তৈরি হয়েছে। পাঁচ দলের গ্রুপে শীর্ষ দুইয়ে থাকতে হলে বাকি তিনটি ম্যাচেই জয় পাওয়া প্রায় বাধ্যতামূলক।
৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেললেও বাকি ম্যাচগুলোতে অংশ নিচ্ছে। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে তারা।
পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ কারণে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন।
আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘‘বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের তিনি (শাহবাজ শরিফ) বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।’ আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি, এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’’
আরও পড়ুন: ভারতের কূটচালে বাংলাদেশ বাদ, বিশ্বকাপে জায়গা পেলো স্কটল্যান্ড
