আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি সংগঠনটিতে যোগ দেন।
আবু সাইয়িদ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। তাকে বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অধ্যাপক ড. আবু সাইয়িদ রাজনীতির পাশাপাশি একজন লেখক ও গবেষক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাকসু ভিপি ছিলেন। ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে তিনি এম.এন.এ নির্বাচিত হন । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরে উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ ছিলেন। ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ মিল্কভিটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সার্কের তথ্য বিষয়ক কমিটির সাবেক চেয়ারম্যান।
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পাবনা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৭৫ সালে তিনি শেখ মুজিবুর রহমানের বাকশাল সরকার কর্তৃক পাবনা জেলার গভর্নর নিযুক্ত হন। অধ্যাপক আবু সাইয়িদ বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য প্রতিমন্ত্রী হন তিনি।
পরবর্তীকালে ২০০১ সালে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। এরপর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এরপর তিনি আওয়ামী লীগ ছেড়ে যোগ দেন ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে। দলটির নির্বাহী সভাপতিও হয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। কিন্তু আওয়ামী লীগের শামসুল হক টুকুর কাছে হেরে যান। এরপর দীর্ঘদিন গণফোরাম থেকে অনেকটা দূরত্বে ছিলেন তিনি।
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা
