, | |

মূলপাতা রাজধানী

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল


এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২৬ ১২:১৯ : অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসাবে জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছি। সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন, তার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি ২ জনের সত্যতা পাওয়া গেছে তবে ওই দুইজন ঢাকা-৯ এর ভোটার না, ওই দুইজন জানতেন ঢাকা-৯ এর ভোটার তারা। তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সাথে যুক্ত।

তাসনিম জারা অভিযোগ করে বলেন, ওই দুজনের জানার কোনো সুযোগ ছিল না যে তারা ঢাকা-৯ এর ভোটার না। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ ধরনের কোন তথ্য তারা নিতে পারেননি, ভোটার নাম্বার সংগ্রহ করতে পারেননি, তারা জানতেন ঢাকা ৯-এর ভোটার, সে জন্য স্বাক্ষর করেন। এর মধ্যে একজনের এনআইডির ঠিকানা অনুযায়ী সে ঢাকা-৯ এর ভোটার কিন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট হিসাবে তার ঠিকানা অন্য জায়গা দেখাচ্ছে।

হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসাবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর