ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এরমধ্যে তার চিকিৎসকদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ রোববার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এ তথ্য জানান বোর্ডের সদস্য ডা.আব্দুল আহাদ।
ডা.আব্দুল আহাদ বলেন, হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।
এই চিকিৎসক বলেন, আমাদের (হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরা) জীবন হুমকির মুখে আছে। ধারাবাহিকভাবে আমাদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের নাম্বার পাবলিক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে নাম্বার ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে।
এ ব্যাপারে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার দাবিও জানান তিনি।
চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে জানিয়ে ডা.আব্দুল আহাদ বলেন, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এই চিকিৎসক বলেন, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেওয়া হয়েছে। তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড় প্রশ্ন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে সন্ধ্যার পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালে সরকার পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কর্মকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অল্পদিনের মধ্যেই ওসমান হাদি দেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন।
ওসমান হাদি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকার মৃত মাওলানা সৈয়দ আব্দুল হাদির ছোট ছেলে। হাদির ওপর হামলার ঘটনার পর প্রতিবেশীরা ওসমান হাদিদের বাসায় ছুটে আসেন। তাদের সান্ত্বনা দেন। এ সময় হাদির বোন মাহফুজা বেগম কান্নারত অবস্থায় বলতে থাকেন, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা তোরে বাঁচতে দেবে না।
আরও পড়ুন: হাদিকে গুলি করা কে এই ফয়সাল?
