, | |

মূলপাতা বিএনপি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি


খালেদা জিয়া ও শাহবাজ শরিফ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩০ নভেম্বর, ২০২৫ ১০:৩৩ : পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চিঠি দিয়েছেন। এরআগে, বেগম জিয়ার সুস্থতা কামনা করে গত ২৭ নভেম্বর ফুলের তোড়া পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবরে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, ‘পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।’

শাহবাজ শরিফ আরও লেখেন, ‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি, যাতে আপনি আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন।’

উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া, করেছেন কারাভোগ। চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি তাকে। ফলে ধীরে ধীরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরদিন খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি। এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।

এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। সবশেষে গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানা গেলো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর