রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৩০ নভেম্বর ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস উপলক্ষে যে ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করেছে বিএনপি।
আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।
রিজভী আহমেদ বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে৷ বিদেশ যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি মেডিকেল বোর্ড। তবে তার শারীরিক অবস্থা অবনতিও হয়নি।
এর আগে গতকাল শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচিও ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া, করেছেন কারাভোগ। চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি তাকে। ফলে ধীরে ধীরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরদিন খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি। এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।
এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। সবশেষে গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানা গেলো
