জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে দু’হাত তুলে স্যালুট- মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠেন রিকশাচালক সুজন। এবার সেই রিকশাচালক সুজনই রাজনীতির মাঠে নামছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার ঢাকা-৮ আসন থেকে এনসিপির মনোনয়নপত্র নিয়েছেন তিনি।
এ সময় রিকশাচালক সুজন বলেন, অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেনো সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিতে।
তিনি আরও বলেন, রাজনীতি এতদিন যেমন কিছু পরিবারের কাছে আবদ্ধ ছিলো। মানুষ মনে করত রাজনীতি তাদের হাতের নাগালে বাইরের একটা জিনিস। সেই চিত্রটা আমরা ভেঙ্গে দেব।
ডা. তাসনিম জারা বলেন, প্রত্যেক নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে, আমাদের যারা রাস্তা পরিস্কার করে, রিকশাচালক ও কৃষক তারা যখন ভোটার নয়, নীতি নির্ধারক হিসেবে নিজেকে চিন্তা করতে পারবেন, তখনই রাজনীতি আমাদের সবার হবে, গণতন্ত্র অটুট থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সাধারণ মানুষের কাছে সুজন হয়ে উঠেছিলেন আন্দোলনের প্রতীক। তার মনোনয়নপত্র কেনার ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনেও হালকা আলোচনার ঝড় উঠেছে।

অনেকে বলছেন, জুলাই বিপ্লবের জন্ম দেওয়া সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবার হয়তো নির্বাচনের পথেও দেখা যাবে।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এ ছাড়া স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
আরও পড়ুন: হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার
