রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২১ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে তাৎক্ষণিকভাব কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
রাজধানীর মতিঝিলের এক বাসিন্দা বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। আমার টেবিলের বই সব পড়ে গেছে, দৌড়ে নিচে চলে গেলাম। বাসার আস পাশের সবাই নিচে নেমে এসেছেন।
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তি বাংলাদেশের ভেতরে
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
উল্লেখ্য, এর আগে, গত ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আরও পড়ুন: এনসিপির মনোনয়নপত্র নিলেন স্যালুট দিয়ে ভাইরাল সেই রিকশাচালক
