জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এটি মামলায় আইনি প্রক্রিয়ার শেষ ধাপ নয়। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী, ট্রাইব্যুনালের রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১০ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অর্থাৎ মাত্র চার মাস সাত দিন পর ১৭ নভেম্বর এই মামলায় রায় হলো।
দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩ এর একটি ধারায় আপিল করার বিষয়ে বলা হয়েছে, কোনো অপরাধে ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত এবং দণ্ডিত হলে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দোষী সাব্যস্ত এবং ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন। একইসাথে, সরকার অথবা অভিযোগকারীরও খালাসের আদেশ বা দণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে। কিন্তু ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে। পরে তার আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিবিসি বাংলাকে বলেন, পলাতক ব্যক্তি আত্মসমর্পণ করলে অথবা গ্রেপ্তার হলে আপিল করার আইনি অধিকার পাবে। অর্থাৎ এক্ষেত্রে আইনি অধিকার পেতে হলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে হবে। অথবা তারা গ্রেপ্তার হলে আপিল করতে পারবেন। এছাড়া আইনে আপিলকারীকে সকল ধরনের নথি জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
আপিল বিভাগে দণ্ডিত ব্যক্তির আইনজীবী ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার অসঙ্গতি, ত্রুটি-বিচ্যুতির বিষয়টি তুলে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে। ট্রাইব্যুনালের দেওয়া রায় আপিল বিভাগ বহাল, পরিবর্তন বা বাতিলও করতে পারবে। রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে।
একইসাথে আপিল দায়ের করার ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করার কথাও উল্লেখ করা হয়েছে আইনে। সর্বোচ্চ আদালতে আপিল নিষ্পত্তি হওয়ার রায়ের বিরুদ্ধে আবার করা যাবে রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন। আপিল বিভাগেই এই আবেদন করা হয়।
ইন্টারপোলে পূর্বে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করা হবে।
শুনানি শেষে আপিল বিভাগ নিজেদের দেওয়া আপিলের রায়কে বহাল, সংশোধন বা পুনরায় শুনানির নির্দেশ দিতে পারে। আর এই রিভিউ আবেদন শুনানিই হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল করে খালাস পাওয়ার নজিরও রয়েছে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আপিলে বহাল থাকলেও রিভিউ আবেদন করে খালাস পান। ট্রাইব্যুনাল গঠনের পর আজহারুল ইসলামই প্রথম পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে খালাস পেয়েছেন।
তবে, রায় কার্যকরের আগে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জীবন বাঁচানোর আরেকটি সুযোগ রয়েছে। সেটি হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে সাজা মওকুফের জন্য আবেদন করা। অর্থাৎ রিভিউ আবেদনেও মৃত্যুদণ্ড বহাল থাকলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে প্রাণ ভিক্ষা চাইতে পারেন। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ, কমানো বা স্থগিত করতে পারেন।
এদিকে রায়ে সাজা দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাইয়ে নিহত এবং ভুক্তভোগীদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
সম্পত্তি বাজেয়াপ্ত কীভাবে হবে-এমন প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ট্রাইব্যুনাল রায়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্র বরাবর দেওয়ার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রকে ক্ষতিগ্রস্তদের মধ্যে সম্পত্তি বন্টন করার নির্দেশ দেওয়া হয়েছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের মার্চে তৎকালীন শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সবশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠন করে একই ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালেই বিচার হয়েছে শেখ হাসিনার।
এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে ইন্টারপোলে আবেদন করার প্রস্তুতি শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘যে দুজন আসামি পলাতক আছেন, তাদের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানার কপিসহ রেড নোটিস জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেপ্তারি পরোয়ানার বদলে সাজার পরোয়ানা জারি করবো। এই সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করবো ফরেন মিনিস্ট্রির কাছে। এটা আমরা করবো এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি।’
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।
আরও পড়ুন: ফাঁসির রায়ের পর হাসিনা ও কামালকে ফেরত চাইলো বাংলাদেশ
