, | |

মূলপাতা জাতীয়

দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, নানা জল্পনা


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২৫ ৯:১৫ : অপরাহ্ণ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন কলম্বো সিকিউরিটি কনক্লেভে (সিএসসি) যোগ দিতে ভারতের রাজধানী দিল্লি গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি দিল্লিতে পৌঁছেছেন। তবে তার দিল্লি যাওয়ার কথা ছিল বুধবার (১৯ নভেম্বর)। কিন্তু তিনি একদিন আগেই দিল্লি চলে গেছেন।

জানা গেছে, ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন। সেখানে অংশ নিয়ে ওই দিন বিকেলেই খলিলুর রহমানের দিল্লি ছাড়ার কথা রয়েছে।

গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক ফ্যাসিস্ট হাসিনা ভারতের রাজধানী দিল্লিতেই অবস্থান করছেন।

রায়ের পর দিল্লিতে পালিয়ে থাকা হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত রায়ের বিষয়টি ‘নজরে এসেছে’ বললেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। এমন এক সময়েই একদিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছালেন।

খলিলুর রহমান দিল্লি অবস্থানকালে ভারত সরকারের সঙ্গে হাসিনার বিষয়ে তার কোনো আলোচনা হয় কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে।

আরও পড়ুন: হাসিনা-কামালের মৃত্যুদণ্ড: পরবর্তী আইনি পদক্ষেপ কী?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর